বাস্তবভিত্তিক শিখন: উগলছড়ি উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন বিজ্ঞান ব্যবহারিক ক্লাস
প্রতিবেদন:
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে উগলছড়ি উচ্চ বিদ্যালয়ে নিয়মিত বিজ্ঞান ব্যবহারিক (Practical) ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান শিক্ষাকে মনোগ্রাহী ও সহজবোধ্য করে তোলাই এই ক্লাসের প্রধান উদ্দেশ্য।
ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা অনুবীক্ষণ যন্ত্র (Microscope) ব্যবহার করে বিভিন্ন অণুজীব, উদ্ভিদের কোষ ও টিস্যু পর্যবেক্ষণ করে। এছাড়া বিকার, বকনল, ওয়াশ বোতল এবং বিভিন্ন কেমিক্যাল ও সরঞ্জামের সাহায্যে হাতে-কলমে পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের নানান সূত্র ও প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করে।
শিক্ষকরা প্রতিটি পদক্ষেপে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ও নির্দেশ প্রদান করছেন। এতে করে সহপাঠীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, কাজের নিখুঁততা এবং উদ্ভাবনী মানসিকতা বৃদ্ধি পাচ্ছে।
বইয়ের পড়া নিজের চোখে পর্যবেক্ষণ ও পরীক্ষা করতে পেরে শিক্ষার্থীরা অত্যন্ত উৎফুল্ল। এ ধরনের ব্যবহারিক শিখন কার্যক্রম শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে তাদের বিজ্ঞান গবেষণায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।